দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ডিঙি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১১ জন সনাতন ধর্মাবলম্বী নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় একটি কীর্তন অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে রাত সাড়ে ৩টার দিকে মইয়ার হাওরের বালুচর এলাকায় ফেরার পথে তাদের বহনকারী ডিঙি নৌকাটি ডুবে যায়।
নৌকাডুবির পর ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২) নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযানে যোগ দেয়। সকাল ১১টার দিকে স্থানীয়রা অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করেন। তবে অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথের এখনও কোনো সন্ধান মেলেনি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হয়েছিলেন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের অভিযান অব্যাহত রয়েছে।
এমএস/